হবিগঞ্জের চুনারুঘাটে মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। পরে উত্তেজিত জনতার হাত থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফারহান আহমেদ। তিনি ওই এলাকার যুক্তরাষ্ট্রপ্রবাসী সামছুল হকের ছেলে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে ফারহানকে আটকে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়ে মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষায় নকল করছিল ফারহান। ইংরেজি বিষয়ের শিক্ষক আল আমিন তাঁকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে মারধর করেন তিনি।
শিক্ষককে মারধরের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে ফারহানকে ঘিরে রাখেন। এ সময় তাঁকে মারধরের চেষ্টাও করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, শিক্ষককে মারধরের ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়েন। পরে ওই শিক্ষার্থীকে থানায় দেওয়া হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ফারহান পুলিশ হেফাজতে ছিলেন। এ বিষয়ে বক্তব্য জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
আজকের সিলেট/ জেকেএস
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








