শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ চার যুবক আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ০১:৫৩:৪৫ অপরাহ্ন

চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ চার যুবক আটক


হবিগঞ্জের চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ চার যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চণ্ডিছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চণ্ডিছড়া চা-বাগানের বাসিন্দা সানি রাওতিয়া (২৪), পরশ মুন্ডা (২৮), জয় তাঁতী (২২) ও সঞ্জিত র‌্যালি (২৪)।

এসআরবি-৯-এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চণ্ডিছড়া চা-বাগান এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের তথ্য পেয়ে তাঁদের শনাক্ত করেন অভিযানসংশ্লিষ্ট সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের হেফাজতে থাকা চারটি পাটের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-৯-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা জানিয়েছেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁদের এবং জব্দ করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর