শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া শাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে এখন নির্বাচনী উত্তাপ। আচরণবিধি অনুযায়ী সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণার সুযোগ রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার কার্যক্রম বন্ধ করার বাধ্যবাধকতা থাকায় শনিবার রাত ১০টায় শেষ হচ্ছে প্রচারণা। ফলে নির্ধারিত সময়ের মধ্যে যত বেশি সম্ভব ভোটারের কাছে পৌঁছাতে তৎপর প্রার্থী ও তাঁদের সমর্থকেরা।
গত সোমবার নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন স্থগিত হওয়ার আশঙ্কা দেখা দিলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে প্রার্থীদের স্বাক্ষরসংবলিত স্মারকলিপি পাঠায়। এর পর বৃহস্পতিবার রাতে নির্বাচন আয়োজনের অনুমোদন দেয় ইসি। সিদ্ধান্ত আসার পর থেকেই প্রচারণায় নতুন গতি দেখা গেছে।
এরই মধ্যে ছাত্রশিবির সমর্থিত প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে। ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের ইশতেহার চূড়ান্ত করার কাজে ব্যস্ত। কেউ কেউ আলাদা লিফলেটেই প্রতিশ্রুতির তালিকা তুলে ধরছেন। নির্দিষ্ট পদকে সামনে রেখে ‘বিশেষ ইশতেহার’ নিয়েও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন কয়েকজন। শিক্ষার মান উন্নয়ন, আবাসিক হলের সুযোগ–সুবিধা বাড়ানো, খেলাধুলার পরিবেশ সম্প্রসারণ এবং ছাত্রীদের নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকছে এসব প্রচারণায়।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাগর হোসেন বলেন, ‘এবার প্রার্থীদের মধ্যে আন্তরিকতা বেশি দেখা যাচ্ছে। তারা সমস্যা শুনছেন, দাবি আদায়ের কথা বলছেন। আমরা চাই নির্বাচন নির্ধারিত সময়েই হোক এবং এই ইতিবাচক পরিবেশ যেন শেষ পর্যন্ত থাকে।’
শাকসুর জিএস পদপ্রার্থী ফয়সাল হোসেন বলেন, আন্দোলনের কারণে সময় নষ্ট হওয়ায় এখন প্রচারণায় বাড়তি চাপ যাচ্ছে। তবে পুনরায় শুরু হওয়া প্রচারণায় ভোটারদের আগ্রহ লক্ষ করছেন বলে জানান তিনি।
অন্যদিকে ছাত্রদল সমর্থিত সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের এজিএস প্রার্থী জহিরুল ইসলাম বলেন, ‘প্রচারণা ও এজেন্ট নিয়োগের জন্য এক দিন বাড়তি সময় পেলে সবার কাছে পৌঁছানো সহজ হতো।’
তবে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম জানান, আচরণবিধির কারণে প্রচারণা বা এজেন্ট নিয়োগের সময় বাড়ানোর সুযোগ নেই। নির্ধারিত সময় মেনেই নির্বাচন সম্পন্ন করা হবে।
আজকের সিলেট/ডি/এসটি
শাবি প্রতিনিধি 








