সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. আশরাফ উদ্দিন। এসময় শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এই ঘটনাকে শাখা ছাত্রশিবির নেতাকর্মীদের সংগঠিত উগ্র মব বলে আখ্যা দিয়েছে ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রিন্স সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিমের উপর ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখার কতিপয় নেতাকর্মীর কুরুচিপূর্ণ বক্তব্য ও সংঘবদ্ধ উগ্র মব হেনস্তার ঘটনা চরম নিন্দনীয় ও সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। দায়িত্বশীল একজন প্রশাসকের উপর এ ধরনের অশালীন ভাষা প্রয়োগ ও বর্বরোচিত আচরণ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শিক্ষাঙ্গনের শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই ন্যাক্কারজনক, সহিংস ও উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের আচরণ ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে বিপর্যস্ত করছে এবং শিক্ষাঙ্গনে আতঙ্ক ও ভীতির সংস্কৃতি জোরদার করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষাঙ্গনে সহিংসতা, হুমকি ও উগ্রতার কোনো স্থান নেই। শিক্ষাঙ্গনে শৃঙ্খলা, নিরাপত্তা ও শান্ত পরিবেশ বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ন্যক্কারজনক ঘটনার জন্য অবিলম্বে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আজকের সিলেট/এএসআর
নিজস্ব প্রতিবেদক 








