শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ।এ বছর প্রতি ইউনিটে ভর্তি ফি হিসেবে রাখা হয়েছে ১৪ হাজার ৯০০ টাকা।
সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ইউনিটের ভর্তি কার্যক্রম চলবে।
ভর্তি কমিটি জানায়, আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটের ১ থেকে ৫০০ মেরিটে থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। এরপর ৫ ফেব্রুয়ারি একই সময়ে ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটের ৫০১ থেকে ৯৬০ মেরিটের ভর্তি চলবে। একইদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘এ-২’ (আর্কিটেকচার) ইউনিটের ১ থেকে ৩০ মেরিটের ভর্তি নেওয়া হবে।
দুই দিন বিরতি দিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘বি’ (বিজ্ঞান) ইউনিটের ১ থেকে ২১৫ মেরিটের ভর্তি কার্যক্রম চলবে। একইদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ১ থেকে ৮২ মেরিটের ভর্তি নেওয়া হবে। পরদিন ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘বি’ (মানবিক) ইউনিটের ১ থেকে ২৮৪ মেরিটের ভর্তির মধ্যে দিয়ে শেষ হবে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম।
ভর্তি কমিটি জানিয়েছে, ভর্তির সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট অবশ্যই সঙ্গে আনতে হবে। তবে যারা ইতোমধ্যে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তারা মূল মার্কশিটের পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র, ফি জমার রশিদ এবং মূল মার্কশিটের ফটোকপি সঙ্গে আনবে। ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে অবশ্যই সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। ভর্তির জন্য ফি বাবদ ১৪ হাজার ৯০০ টাকা ও পরীক্ষার্থীর ব্লাড গ্রুপের যথাযথ প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।
একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে, কোনো একটি ইউনিটে ভর্তি সম্পন্ন করার পর অন্য ইউনিটে সুযোগ পেলে শুধু সাবজেক্ট পরিবর্তন করা হবে, পুনরায় ভর্তি ফি প্রদান করতে হবে না। এছাড়া ভর্তি কমিটি এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট জমা নেবে বিধায়, প্রয়োজনীয়সংখ্যক ফটোকপি সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম বলেন, ভর্তি নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীকে ভর্তির সময়সূচি অনুযায়ী সশরীরে শাবিপ্রবি ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। সাবজেক্ট নির্বাচনের জন্য উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম (মেরিট) অনুযায়ী নির্ধারিত কক্ষে পর্যায়ক্রমে ডাকা হবে।
আজকের সিলেট/ডি/এসটি
শাবি প্রতিনিধি 








