মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি চা বাগান থেকে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রতন শুভ কর (২৮) চাম্পারায় চা বাগানের চা শ্রমিক শুক্তা শুভ করের ছেলে। তিনিও চা শ্রমিক ছিলেন।
বুধবার দুপুরে সীমান্তবর্তী উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় বাগানের বড় লাইন চা প্লান্টেশন সেকশনে ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল।
রতনের বড় ভাই লক্ষীন ধর বলেন, “মঙ্গলবার রাত থেকে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে খবর পাই বাগানে একজনের হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ পড়ে আছে। দ্রুত সেখানে গিয়ে ভাইয়ের লাশ শনাক্ত করি।
তিনি বলেন, “কী কারণে তাকে হত্যা করা হয়েছে; আমরা জানি না। আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না, তবে কেন তাকে হত্যা করা হল। আমরা এর বিচার চাই।”
ওসি আব্দুল আউয়াল বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় চা শ্রমিকদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








