শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চার নির্মাণ শ্রমিককে গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে নিরাপত্তা কর্মীরা।
শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, আটক চারজনেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের বিভিন্ন সাইটে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মী তাপস দাস বলেন, ‘গেট থেকে ক্যাম্পাসে প্রবেশ করার সময় তার হাঁটুতে প্যান্ট ভাঁজ করা ছিল। সেখান থেকেই আমাদের সন্দেহ হয়। সে অনুযায়ী তল্লাশি চালালে তার কাছে চার প্যাকেট গাঁজা পেলে প্রক্টর অফিসে জানাই। এর কিছুক্ষণ পরে আরো কয়েকজন ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদেরও তল্লাশি করে গাঁজা ও ইয়াবা উদ্ধার করি।’
এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মো. রাশেদুজ্জামান বলেন, ‘নিরাপত্তা কর্মীরা তাদেরকে আটক করে আমাদের জানিয়েছে। ঘটনাস্থলে এসেছি। সমাধানের জন্য পুলিশের কাছে সোপর্দ করব। পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।’
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








