হুফফাজুল কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া। প্রকাশিত ফলাফলে মাদ্রাসাটি সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অর্জনের পাশাপাশি শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
গতকাল হুফফাজুল কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার হিফজ বিভাগের মোট ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সকলেই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়।
ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১০ জন মুমতাজ (A+), ৮ জন জায়্যিদ জিদ্দান (A) এবং ৪ জন জায়্যিদ (A-) গ্রেড অর্জন করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি শতভাগ পাসের অনন্য সাফল্য অর্জন করে।
এছাড়াও চলতি বছর জামেয়া থেকে মোট ৬ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গভাবে পবিত্র কুরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। তাদের মধ্যে শিক্ষার্থী হাফেজ তাফাজ্জুল হক সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অর্জন করে মাদ্রাসার জন্য বিশেষ গৌরব বয়ে এনেছে।
এই অসাধারণ সাফল্যে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ট্রাস্টিবৃন্দ ও পরিচালনা পরিষদের সদস্যরা। তারা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার ফলেই এই কৃতিত্ব সম্ভব হয়েছে।
এ সময় মাদ্রাসার সংশ্লিষ্টরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী, ট্রাস্টিবৃন্দ ও যারা সবসময় সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন—সবার জন্য আল্লাহর নিকট উত্তম প্রতিদান কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতেও দ্বীনি শিক্ষার প্রসারে এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আজকের সিলেট/এপি
সংবাদ বিজ্ঞপ্তি 








