হাওর অঞ্চলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় মন্ত্রণালয়ে শিশির মনিরের চিঠি
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:০৩ PM

হাওর অঞ্চলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় মন্ত্রণালয়ে শিশির মনিরের চিঠি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ০৭:০৬:১৫ PM

হাওর অঞ্চলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় মন্ত্রণালয়ে শিশির মনিরের চিঠি


সিলেটের হাওর অঞ্চলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ চেয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করেন তিনি।

স্মারকলিপিতে শিশির মনির উল্লেখ করেন, সাম্প্রতিক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার হাজার হাজার হেক্টর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, শুধু সুনামগঞ্জ জেলাতেই প্রায় ২০ হাজার হেক্টর জমির ধান প্লাবিত হয়েছে। এতে শত শত মেট্রিক টন ধান ভিজে অঙ্কুরিত ও পচে নষ্ট হয়েছে। সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী নানা পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। স্বল্পমেয়াদী পদক্ষেপের মধ্যে রয়েছে— কৃষকদের জন্য সরকারি আর্থিক ও খাদ্য সহায়তার মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা, কৃষিঋণের কিস্তি মওকুফ ও সুদ হ্রাস, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা প্রদান, গবাদিপশুর খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করা, দুর্গত এলাকায় প্রশাসনের মাধ্যমে দ্রুত ফসল কাটার উদ্যোগ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত।

এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে- হাওর অঞ্চলের পরিবেশগত ও পানি প্রবাহ ব্যবস্থার সমন্বিত পর্যালোচনা, নদী-নালা ও খাল পুনঃখনন, হাওর রক্ষা বাঁধের মানোন্নয়ন ও মনিটরিং, আধুনিক স্লুইস গেট নির্মাণ, বজ্রপাত প্রতিরোধে টাওয়ার স্থাপন, বন্যা সহনশীল ধানের জাত উদ্ভাবন, কৃষি বিমা চালু, বিকল্প জীবিকা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের প্রস্তাব দেওয়া হয়।

স্মারকলিপিতে শিশির মনির আরও বলেন, হাওর অঞ্চলের মানুষ প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছেন। তাই শুধু ত্রাণ নয়, টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এই অঞ্চলের কৃষি ও জীবিকা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর