যুক্তরাষ্ট্রে পরিবারের ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৬ PM

যুক্তরাষ্ট্রে পরিবারের ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ১০:২২:৩৬ AM

যুক্তরাষ্ট্রে পরিবারের ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা


যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে এক বন্দুকধারী তার পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছেন। পরে পুলিশের তাড়া খেয়ে তিনি নিজেও আত্মহত্যা করেন।

পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ১২ মিনিটে একটি বাড়ি থেকে প্রথম গুলিবর্ষণের খবর পান তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একই পরিবারের চারজনের মরদেহ পায়। তবে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই হামলাকারী সেখান থেকে পালিয়ে যান।

পরবর্তীতে তদন্তের সূত্র ধরে পুলিশ আরও দুটি স্থানে অভিযান চালায়। এর মধ্যে অন্য একটি বাড়ি থেকে এক পুরুষ এবং কাছের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আরেক পুরুষের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, নিহত ছয়জনই হামলাকারীর পরিবারের সদস্য।

পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করেছে। তার আগের অপরাধের রেকর্ড ছিল বলেও জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের পর রায়ান মিসিসিপি নদীর তীরবর্তী একটি পথ (রিভারফ্রন্ট ট্রেইল) দিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাকে ধাওয়া করে একটি পথচারী সেতুর কাছে ঘিরে ফেলে। ওই সময় পুলিশের মুখোমুখি হয়ে রায়ান নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

এই নৃশংস ঘটনা প্রসঙ্গে মাসকাটিন শহরের পুলিশ প্রধান অ্যান্থনি কিস বলেন, আমাদের এই শান্ত সম্প্রদায়ের ওপর যে ভয়াবহ আঘাত এসেছে, তা প্রকাশ করার মতো কোনো ভাষা আমার জানা নেই।

পুলিশ আশ্বস্ত করেছে যে, হামলাকারী মারা যাওয়ায় বর্তমানে সাধারণ জনগণের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। নিহতদের নাম ও বয়স এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার পেছনের মূল কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর