কমলো রেমিট্যান্স
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:১৮ PM

কমলো রেমিট্যান্স

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ০৯:২৩:৩৯ AM

কমলো রেমিট্যান্স


২০২৬ সালের জুন মাসের প্রথম ছয়দিনে দেশে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। তবে গত বছরের একই সময়ের তুলনায় এবারের এ রেমিট্যান্স প্রবাহ ২০.৭৮ শতাংশ কম।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালের ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার। অথচ গত বছরের (২০২৫ সাল) একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার। সেই হিসেবে বছরের ব্যবধানে জুনের প্রথম ছয়দিনে আয় কমেছে ১৭ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার।

খাত সংশ্লিষ্টরা বলছেন, গত দুই বছরের বেশি সময়ের মধ্যে এবারই প্রথম মাসের শুরুর দিকে প্রবাসী আয়ে এমন ঋণাত্মক প্রবৃদ্ধি দেখা গেল। সাধারণত ঈদের আগে প্রবাসীরা পরিবার-পরিজনের জন্য বেশি অর্থ পাঠান, যার ফলে ঈদের পরবর্তী সময়ে রেমিট্যান্স প্রবাহ কিছুটা ধীর হয়ে পড়ে। জুনের প্রথম সপ্তাহে এ নিম্নমুখী প্রবণতার পেছনে ‘পোস্ট-ঈদ’ প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে মাসের হিসেবে প্রবাহ কমলেও পুরো অর্থবছরের চিত্রে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। চলতি অর্থবছরের ১১ মাস ৬ দিনে (জুলাই ২০২৫ থেকে ৬ জুন ২০২৬ পর্যন্ত) দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৪৪ কোটি ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ের পরিমাণ ছিল ২ হাজার ৮৩৬ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ অর্থবছরের হিসেবে প্রবাসী আয় বেড়েছে ১৭ দশমিক ৮৮ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, বিভিন্ন উৎসব বা বিশেষ সময়ের পরিপ্রেক্ষিতে রেমিট্যান্স প্রবাহে মাঝে মধ্যে উত্থান-পতন দেখা দিলেও সামগ্রিকভাবে চলতি অর্থবছরের অর্জন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ভূমিকা রাখছে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে নানামুখী উৎসাহিতকরণ পদক্ষেপ ও প্রণোদনা অব্যাহত থাকায় দীর্ঘমেয়াদে এ প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর