প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্কের বিশেষ একটি মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নিক জোনাস। বিয়ের প্রস্তাব দেওয়ার পর প্রিয়াঙ্কা যেদিন ‘হ্যাঁ’ বলেছিলেন, সেই দিনের একটি অদেখা ছবি প্রকাশ করেছেন এই মার্কিন গায়ক ও অভিনেতা।
ছবিটি শেয়ার করে নিক জোনাস লিখেছেন, ৮ বছর আগে সে ‘হ্যাঁ’ বলেছিল। ছবিতে দেখা যায়, নিক প্রিয়াঙ্কার হাত ধরে আছেন এবং তার হাতে থাকা হীরার আংটিটি দেখাচ্ছেন। অন্যদিকে প্রিয়াঙ্কা লজ্জায় নিজের মুখ ঢেকে রেখেছেন।
নিকের এই পোস্টের পর প্রিয়াঙ্কাও সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘অত্যন্ত কৃতজ্ঞ যে তুমি আমাকে প্রস্তাব দিয়েছিলে...’
এর আগে প্রিয়াঙ্কার জন্মদিনেও ভালোবাসায় ভরা একটি পোস্ট করেছিলেন নিক। সেখানে একটি ভিডিও শেয়ার করে তিনি প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানান।
ভিডিওতে দেখা যায়, নৌকায় ঘুরতে গিয়ে হাসিমুখে ক্যামেরার দিকে ‘ফ্লাইং কিস’ দিচ্ছেন প্রিয়াঙ্কা। সেই পোস্টের ক্যাপশনে নিক লিখেছিলেন, ‘মি আমোর’, যার অর্থ ‘আমার ভালোবাসা’।
উল্লেখ্য, ২০১৮ সালে ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে জমকালো আয়োজনে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিয়ের চার বছর পর ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়।
এদিকে সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। নির্মাতা এস এস রাজামৌলির আসন্ন সিনেমা ‘বারাণসী’-তে নতুন চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে প্রিয়াঙ্কা ‘মন্দাকিনি’ চরিত্রে অভিনয় করছেন। এতে তার সঙ্গে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।
অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই সিনেমাটি ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তির কথা রয়েছে। এ ছাড়া জনপ্রিয় স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনেও ফিরছেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি রিচার্ড ম্যাডেনের বিপরীতে অভিনয় করবেন।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








