বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ AM

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০৯:৫২:১২ AM

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া


শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রেখে দারুন একটি সেশন কাটিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারিয়েছে স্বাগতিকরা। টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া প্রথম সেশন শেষে ৭৪ রানে হারিয়েছে ৪ উইকেট।

নতুন বলে তাসকিন ও হাসানের বোলিংয়ে স্বস্তিতে ছিলেন না দুই ওপেনার জেইক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড। বিশেষ করে ওয়েদারাল্ডকে বেশ কয়েকবার পরাস্ত করেন হাসান। শেষ পর্যন্ত তার বলেই ভাঙে উদ্বোধনী জুটি।

অফ স্টাম্পের বাইরে চওড়া বল ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লাগান ওয়েদারাল্ড। বল চলে যায় উইকেটের পেছনে, সহজ ক্যাচ নেন লিটন দাস। ৩৭ বলে চার চারে ২৩ রান করে ফেরেন তিনি। ভাঙে ৪৫ রানের জুটি।

পরের ওভারেই আবার আঘাত হানেন হাসান। বাড়তি বাউন্সে বিভ্রান্ত হয়ে ব্যাটের কানায় লাগান হেড। বল প্যাডে লেগে সেখান থেকে আঘাত করে স্টাম্পে। ৩৯ বলে ২২ রান করে বোল্ড হয়ে ফেরেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।

এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে আরও ধাক্কা দেন এবাদত হোসেন। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে দ্বিধায় ছিলেন মার্নাস লাবুশেন। শেষ পর্যন্ত ব্যাটের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে সহজ ক্যাচ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০ বলে মাত্র ১ রান করে ফেরেন লাবুশেন।

এদিকে স্টিভেন স্মিথকে মাত্র ২ রানে ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এবাদতের বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন স্মিথ। সামনে হাত বাড়িয়েও বলটি তালুবন্দী করতে পারেননি তানজিদ হাসান। এরপর কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু আল্ট্রাএজে কোনো স্পাইক না থাকায় সেই রিভিউও ব্যর্থ হয়। এর আগে হেডের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ হারিয়েছিল বাংলাদেশ।

স্মিথের দুইবার বেঁচে যাওয়ার পর অস্ট্রেলিয়া কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। তবে লাঞ্চের ঠিক আগে আবারও আঘাত হানে বাংলাদেশ। এবার তাসকিন আহমেদের শিকার ক্যামেরন গ্রিন। শর্ট অব গুড লেংথের বলটি শরীরের দিকে ঢুকে আসছিল। অনেকটা সামনে গিয়ে খেলতে চেয়েছিলেন গ্রিন। কিন্তু ব্যাটের মুখ ঘুরে গিয়ে বল উঠে যায় শর্ট মিডউইকেটে। সেখানে দারুণ ক্যাচ নেন মুশফিকুর রহিম। ১৩ বলে ১৩ রান করে ফেরেন গ্রিন।

তাতে লাঞ্চে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৭৪ রানে ৪ উইকেট। প্রথম সেশনে তাসকিন-হাসান-এবাদতের বোলিংয়ে এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। টস হেরে বোলিংয়ে নেমে বাংলাদেশ যে শুরুটা চেয়েছিল, প্রথম সেশনে তার চেয়েও ভালো কিছুই পেয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর