রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রোগী দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লব। শনিবার (২৯ আগস্ট) রাতে হাসপাতাল থেকেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল করিম জানান, রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাড্ডা থানা পুলিশ এভারকেয়ার হাসপাতাল থেকে আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, সিলেট ও বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় পল্লবের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পরও বিয়ানীবাজারে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে পল্লব সক্রিয় ছিলেন। এ ছাড়া প্রকাশ্যে মিছিল-সমাবেশ আয়োজন এবং আদালতের নির্দেশনা অমান্য করে গোপন বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তারের পর আবুল কাশেম পল্লবকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ায় তাকে কোথায় নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
আজকের সিলেট/ এপি/ জেকেএস









