মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্গম পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের হামহাম জলপ্রপাতের মোকামটিলা এলাকায় ছড়ার পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় মাছ শিকারিরা। পরে শুক্রবার সকালে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় মোকামটিলা এলাকায় মাছ ধরতে গিয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি পানিতে মরদেহটি ভাসতে দেখেন। বিষয়টি তারা স্থানীয় প্রশাসনকে জানান।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুর্গম পাহাড়ি পথ ও প্রতিকূল ভূপ্রকৃতির কারণে উদ্ধার অভিযান সহজ ছিল না। রাত থেকে শুরু হওয়া অভিযান শেষে শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয় দলটি।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমির তালুকদার জানান, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
আজকের সিলেট/ জেকেএস
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








