সিলেটে হাম নিয়ে উদ্বেগ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ PM

সিলেটে হাম নিয়ে উদ্বেগ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ১২:০৪:১২ PM

সিলেটে হাম নিয়ে উদ্বেগ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু


সিলেট বিভাগে হাম পরিস্থিতির অবনতি থামছে না। প্রতিদিনই নতুন করে সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, সেই সঙ্গে মৃত্যুর তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নাম। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১২ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ৬ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৪৬৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।

নতুন ভর্তি হওয়া ১১২ রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৪৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কয়েকজন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৪৬৬ সন্দেহজনক রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৯১ জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ১৪১ জন। অন্যদের মধ্যে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন চিকিৎসাধীন। বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালেও সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন।

প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে একজনের মৃত্যুর তথ্যও দেওয়া হয়েছে। মৃত ব্যক্তি মৌলভীবাজারের ১৮ বছর বয়সী সুমাইয়া। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জেলা অনুযায়ী চলতি সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে সিলেটে ৬৪ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে। তাদের মধ্যে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ১৪৮ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

তবে নিশ্চিত রোগীর পাশাপাশি বিপুলসংখ্যক সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। একদিনে ১১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাসেবা দিতে গিয়ে হাসপাতালগুলোকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে।

সিলেট বিভাগের চার জেলাতেই হামজনিত মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। প্রতিদিন নতুন রোগীর হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

চলতি বছরের শুরু থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজারের বেশি নিশ্চিত হাম রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি বর্তমানে ৪৬৬ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে দ্রুত রোগী শনাক্ত, প্রয়োজনীয় চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ জোরদার না হলে হাসপাতালগুলোর ওপর চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর