হবিগঞ্জে বালির নিচে লুকানো ভারতীয় চোরাই পণ্য জব্দ, মূল্য প্রায় ১ কোটি ৬ লাখ টাকা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ PM

হবিগঞ্জে বালির নিচে লুকানো ভারতীয় চোরাই পণ্য জব্দ, মূল্য প্রায় ১ কোটি ৬ লাখ টাকা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৩:৩২:২৮ PM

হবিগঞ্জে বালির নিচে লুকানো ভারতীয় চোরাই পণ্য জব্দ, মূল্য প্রায় ১ কোটি ৬ লাখ টাকা


হবিগঞ্জের মাধবপুরে বালিবাহী একটি ড্রাম ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় শাড়ি, কসমেটিকস, মদ ও গাঁজাসহ প্রায় ১ কোটি ৬ লক্ষ টাকা মূল্যের চোরাচালান জব্দ করেছে বিজিবি। শনিবার বিকেলে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়। এলাকাটি সীমান্ত থেকে আড়াই কিলোমিটার দূরে।

টহলের সময় রাস্তার পাশে একটি সন্দেহজনক ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে সেটিতে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। পরে ট্রাকে বহন করা বালির নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকসের সন্ধান পাওয়া যায়।

এ ছাড়া জব্দ করা চোরাচালানের মধ্যে মদ ও গাঁজাও রয়েছে বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর