সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২১ জন
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ PM

সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২১ জন

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০১:০১:০৩ PM

সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২১ জন


সিলেটে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হাম ও হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২১ জন। শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টার হিসাব এ তথ্য জানানো হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে ৮১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন মোট ৪১৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১১৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৩, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ এবং মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন চিকিৎসাধীন।

এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে সিলেট বিভাগের চার জেলায় এখন পর্যন্ত হাম রোগী শনাক্ত হয়েছেন মোট ১ হাজার ৪৪ জন।

জেলাভিত্তিক হিসাবে, সিলেটে ৩৭৬ জন, সুনামগঞ্জে ৩৫৭, মৌলভীবাজারে ১৫৮ এবং হবিগঞ্জে ১৫৩ জনের হাম শনাক্ত হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামজনিত নতুন কোনো মৃত্যুর খবর না এলেও চলতি বছরে হাম ও হাম সন্দেহে সিলেট বিভাগে প্রাণ গেছে মোট ১৬০ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৬১ জন, হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর