সিলেটে স্বস্তির বৃষ্টি, ২৪ ঘণ্টায় ১৪২ মিলিমিটার রেকর্ড
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ PM

সিলেটে স্বস্তির বৃষ্টি, ২৪ ঘণ্টায় ১৪২ মিলিমিটার রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ১২:৩৪:৩৯ PM

সিলেটে স্বস্তির বৃষ্টি, ২৪ ঘণ্টায় ১৪২ মিলিমিটার রেকর্ড


কয়েক দিনের টানা গরমের পর সিলেটে শুরু হয়েছে ভারী বৃষ্টি। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে শুরু হওয়া অতিভারি বর্ষণে নগরীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিলেও শনিবার সকাল থেকে অনেক জায়গার পানি নেমে গেছে। একই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকায় স্বস্তি ফিরেছে জনজীবনে।

সিলেট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে।

গত কয়েকদিন ধরে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। এতে বিশেষ করে দিনের বেলায় বাইরে থাকা শ্রমজীবী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

শুক্রবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি এবং বুধবার ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে শুক্রবার আবহাওয়া অধিদপ্তর সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল।

রাত ১টার পর বৃষ্টি বাড়তে থাকলে নগরের বিভিন্ন সড়ক ও এলাকায় পানি জমে যায়। অতিভারি বর্ষণে সাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও বৃষ্টি থামার পর পানি দ্রুত নেমে যেতে শুরু করে। শনিবার সকাল নাগাদ নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পানি নেমে যাওয়ার খবর পাওয়া গেছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর