ব্রাজিলের জার্সিতে আর ফিরছেন না নেইমার
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ PM

ব্রাজিলের জার্সিতে আর ফিরছেন না নেইমার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৯:১৪:৪৯ AM

ব্রাজিলের জার্সিতে আর ফিরছেন না নেইমার


ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের অধ্যায় শেষ হয়েছে। জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, সেলেসাওদের জার্সিতে আর ফেরার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নিজেই।

নরওয়ের কাছে বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের হারের পরই নেইমারের অবসর নিয়ে আলোচনা শুরু হয়। সরাসরি অবসরের ঘোষণা না এলেও ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেইমারের আন্তর্জাতিক ফুটবল ছাড়ার খবর প্রকাশ করেন।

এরপর সম্প্রতি অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি। সেই দলে নেইমারের নাম না থাকায় জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় জল্পনা। এবার সিএনএন স্পোর্তেসকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি জানালেন, জাতীয় দলে আর না ফেরার সিদ্ধান্তটি নেইমারের নিজের।

নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘তার মানের কারণেই সেখানে (বিশ্বকাপ দলে) থাকার যোগ্যতা তার ছিল। নেইমার ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে সে জাতীয় দলে ফিরতে চায় না। নেইমারের বিকল্প হতে পারে না কারণ সে ছিল এক অসাধারণ ও অনন্য প্রতিভা। সুতরাং সে একজন অপরিহার্য খেলোয়াড়।’

বিশ্বকাপের আগে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। একের পর এক চোটের কারণে কঠিন সময় পার করার পরও আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পান তিনি। তবে ফিটনেস নিয়ে তখন সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। সেই পরিস্থিতিতেও নেইমারকে দলে রাখার সিদ্ধান্তকে যথার্থ বলে মনে করেন ব্রাজিল কোচ।

এর আগে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ শেষে ফ্যাব্রিজিও রোমানো নেইমারের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের খবর দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ব্রেকিং: নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নিয়েছেন।’

পোস্টটির ক্যাপশনে নেইমারের বক্তব্যও তুলে ধরেন রোমানো। সেখানে বলা হয়, ‘আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ।’

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপে খেলেছেন নেইমার। বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও জাতীয় দলের হয়ে তার অর্জনের তালিকা দীর্ঘ। অলিম্পিকে ব্রাজিলের হয়ে দুটি আসরে অংশ নিয়ে ২০১২ সালে রৌপ্য পদক জেতেন তিনি। এরপর ২০১৬ সালে দলকে ঐতিহাসিক অলিম্পিক স্বর্ণপদক এনে দেওয়ার নেতৃত্বও দেন এই ফরোয়ার্ড।

৩৪ বছর বয়সে জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচে ৮০ গোল করেছেন নেইমার। এই রেকর্ডই তাকে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।

শেষ বিশ্বকাপে অবশ্য চোট ও ফিটনেস সমস্যার কারণে নিয়মিতভাবে শুরুর একাদশে ছিলেন না তিনি। পুরো আসরে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর নরওয়ের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচে যোগ করা সময়ে পেনাল্টি থেকে টুর্নামেন্টে একমাত্র গোলটি করেন তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর