তরুণদের প্রযুক্তিগত দক্ষতার ওপর নির্ভর করছে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা: ভিসি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ PM

তরুণদের প্রযুক্তিগত দক্ষতার ওপর নির্ভর করছে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা: ভিসি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৮:১২:৪৬ PM

তরুণদের প্রযুক্তিগত দক্ষতার ওপর নির্ভর করছে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা: ভিসি


তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা, যৌক্তিক চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতার ওপর বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রা অনেকটাই নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

তিনি বলেছেন, প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতায় তরুণদের সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে প্রবেশের লক্ষ্য অর্জন করাও সম্ভব। মঙ্গলবার সকালে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে আয়োজিত দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’ ও প্রজেক্ট প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা এবং সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়।

প্রদর্শনী উদ্বোধনের আগে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী।

প্রভাষক মাওলানা ফয়সাল আহমেদের কুরআন তেলাওয়াত ও প্রভাষক জুই রাণী তালুকদারের গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতার আহ্বায়ক প্রভাষক এস এম আবু সাইম। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, প্রযুক্তির ব্যবহার হতে হবে সঠিক, সৃজনশীল ও দায়িত্বশীল। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে গুরুত্ব দিতে হবে। প্রযুক্তিগত জ্ঞান, যৌক্তিক চিন্তা এবং সমস্যা সমাধানের সক্ষমতাই ভবিষ্যৎ তরুণ সমাজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এগিয়ে নিতে সহায়তা করবে।

দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ হচ্ছে তরুণ প্রজন্ম।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতা আর বাড়তি কোনো গুণ নয়; শিক্ষা ও কর্মজীবনের অন্যতম ভিত্তি হয়ে উঠেছে এটি। তাই শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার সক্ষমতাও অর্জন করতে হবে।

প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের তৈরি ১৫টি উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর প্রজেক্টের প্রদর্শনী। এতে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ধারণা ও বিভিন্ন সমস্যার সম্ভাব্য প্রযুক্তিনির্ভর সমাধান অতিথি ও শিক্ষকদের সামনে তুলে ধরেন।

আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্যোগ ও সৃজনশীলতার প্রশংসা করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটেশনাল থিঙ্কিং ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী এ বর্ণাঢ্য কর্মসূচির সমাপ্তি ঘটে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর