ওয়ারড্রোবের ড্রয়ার থেকে কুণ্ডলী পাকানো পদ্ম গোখরা উদ্ধার
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ PM

ওয়ারড্রোবের ড্রয়ার থেকে কুণ্ডলী পাকানো পদ্ম গোখরা উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ১২:৫০:৫৪ PM

ওয়ারড্রোবের ড্রয়ার থেকে কুণ্ডলী পাকানো পদ্ম গোখরা উদ্ধার


কাপড় রাখার ওয়ারড্রোবের ড্রয়ার খুলতেই চোখে পড়ে কুণ্ডলী পাকানো একটি সাপ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের মধ্যে। পরে খবর দেওয়া হয় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগানের একটি বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরাটি উদ্ধার করা হয়।

চা শ্রমিক সুরেশ নায়েকের বসতঘরে ঘটনার সূত্রপাত। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজের ঘরের কাপড়ের ওয়ারড্রোবের একটি ড্রয়ারের ভেতর কিছু একটা দেখতে পান তিনি। কাছে গিয়ে সাপ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানান। পরে সবাই আতঙ্কে চিৎকার করে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।

সুরেশ নায়েক তাৎক্ষণিকভাবে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তাঁরা গিয়ে দেখতে পান, ওয়ারড্রোবের ড্রয়ারের ভেতর কুণ্ডলী পাকিয়ে রয়েছে একটি পদ্ম গোখরা। সাপটি অত্যন্ত প্রাণঘাতী ও বিষধর হওয়ায় সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হয়। পরে দক্ষতার সঙ্গে সাপটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন তাঁরা।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধারকৃত বিষধর সাপটিকে পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।

জনবসতিপূর্ণ এলাকার একটি বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা উদ্ধারের ঘটনায় আতঙ্কের মধ্যে থাকা পরিবারটির মধ্যে পরে স্বস্তি ফিরে এসেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর