সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় পলাতক আসামি রায়হানকে (২০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সিলেট বিমানবন্দর থানাধীন খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল বাইপাস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রায়হান কোম্পানীগঞ্জ থানাধীন বনপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, ১২ নভেম্বর ২০২৫ তারিখে আনুমানিক রাত ১২টার দিকে কোম্পানীগঞ্জের বনপুর এলাকার বাসিন্দা মতিউর রহমানকে (২১) গরু বিক্রির কথা বলে পূর্বপরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নেন সুন্দর আলী ও রায়হান। পরে তাঁকে রইখাই ইউনিয়নের একটি নির্জন খেলার মাঠে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, সেখানে সুন্দর আলী মতিউর রহমানের কাছে থাকা ৩৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মনফর আলী ও নূর ইসলামসহ কয়েকজন দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাঁকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে ভিকটিমকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়।
পরে সুন্দর আলী ভিকটিমের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। একই সময়ে রায়হানসহ অন্যরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যায়। এরপর বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি অভিযানিক দল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে সিলেট বিমানবন্দর থানাধীন খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল বাইপাস রোড এলাকার একটি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। সেখান থেকেই কোম্পানীগঞ্জ থানার মামলার এজাহারনামীয় পলাতক আসামি রায়হানকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৯ জানায়, রায়হানের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা নং-০৮, তারিখ ১৫ আগস্ট ২০২৬; দণ্ডবিধির ৩২৩/৩৯৫/৫০৬(২)/৩৪/৩২৪ ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রায়হানকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








