শাল্লায় মাছের পোনা অবমুক্ত, ব্যানারে প্রধান অতিথির নাম থাকলেও অনুপস্থিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ PM

শাল্লায় মাছের পোনা অবমুক্ত, ব্যানারে প্রধান অতিথির নাম থাকলেও অনুপস্থিত

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৬:০৩:২৩ PM

শাল্লায় মাছের পোনা অবমুক্ত, ব্যানারে প্রধান অতিথির নাম থাকলেও অনুপস্থিত


সুনামগঞ্জের শাল্লায় সরকারি উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর নাম থাকলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। উন্নত চিকিৎসার জন্য তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে কর্মসূচির বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আগে থেকে জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। সরকারি পোনা বিতরণ নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন মৎস্যচাষী। মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় শাল্লা উপজেলার মুক্তারপুর ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সন্দীপন মজুমদারসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, কর্মসূচির বিষয়ে তাঁদের আগে থেকে অবহিত করা হয়নি। তাঁদের ভাষ্য, “আমাদের জানানো হয়নি, আমরা এ বিষয়ে কিছুই জানি না।”

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস ঘটনাস্থলে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছাড়াই মাছের পোনা অবমুক্ত করা হয়।

এদিকে সরকারি পোনা বিতরণে অনিয়মের অভিযোগও তুলেছেন কয়েকজন মৎস্যচাষী। তাঁদের দাবি, প্রকৃত খামারি হওয়া সত্ত্বেও তাঁরা পোনা পাননি। অন্যদিকে, একজন সুবিধাভোগী একাধিকবার পোনা পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সন্দীপন মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

প্রধান অতিথি হিসেবে নাম থাকা সংসদ সদস্যের বিদেশে চিকিৎসাধীন থাকার বিষয়টি জানা থাকার পরও কর্মসূচি আয়োজনের আগে স্থানীয় সংশ্লিষ্টদের সঙ্গে যথাযথ সমন্বয় করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। একই সঙ্গে সরকারি পোনা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে সুবিধাভোগীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর