সিলেট জেলার সর্বোচ্চ চূড়া আবিষ্কার করল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভ্রমণ বিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব। আবিষ্কৃত সর্বোচ্চ চূড়াটির নাম 'তিন্দুই'। যেটির উচ্চতা ৫৫০ ফুট। এটি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চারিকটা ইউনিয়নে অবস্থিত।
মঙ্গলবার ( ১১ জুন) দুপুরে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এ বিষয়টি জানান সংগঠনটির সভাপতি শোয়াইব মাহমুদ। গত ৫ই জুন সংগঠনটির এডভেঞ্চার উইংয়ের একটি টিম এই পাহাড়ের সন্ধান পায় বলে জানান তিনি।
তিনি বলেন, ভারতের মেঘালয় রাজ্যের সীমানা ঘেঁষে অবস্থিত তিন্দুই পাহাড়ে চূড়াটি মূলত জৈন্তিয়া পাহাড়ের অংশবিশেষ। ভ্রমণকালে পাহাড়ের উচ্চতা মাপার নির্দিষ্ট কোনো যন্ত্র আমাদের সঙ্গে না থাকায় আমরা ফোনের জিপিএস ব্যবহার করে তিন্দুই চূড়ার সর্বোচ্চ উচ্চতা সনাক্ত করি। গুগল আর্থের হিসাব অনুযায়ী এ পাহাড়ের উচ্চতা প্রায় ৫৫০ ফিট বা ১৭০ মিটার। কিন্তু পাহাড়টি এখনো জনসম্মুখে না আসায় আমরা যাওয়ার পূর্বে পাহাড়টি সম্পর্কে তেমন কোনো তথ্য কোথাও খুঁজে পাইনি। তাই একপ্রকার অনিশ্চয়তার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত আমরা পাহাড়টির চূড়া খুঁজে পেতে সক্ষম হই।
তিনি আরো বলেন, তবে সিলেট বিভাগের সর্বোচ্চ চূড়া কালাপাহাড়। যেটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত। এদিকে সিলেট জেলার মধ্যে এখন অবধি সর্বোচ্চ চূড়া এই তিন্দুই পাহাড়।
প্রসঙ্গত, শাবিপ্রবি ট্যুরিস্ট বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভিত্তিক সবচেয়ে প্রাচীন ভ্রমণ বিষয়ক সংগঠন। ক্লাবটির চারটি উইংয়ের অন্যতম একটি উইং হচ্ছে এডভেঞ্চার উইং। এই উইংয়ের উদ্যোগে ক্লাবটি নতুনত্বের খোঁজে বিভিন্ন অভিযানের আয়োজন করে থাকে। যার উদ্দেশ্য হচ্ছে অজানাকে জানা, অচেনাকে চেনা ও অদেখাকে দেখা। সিলেটসহ সারাদেশের লুকিয়ে থাকা বিভিন্ন অনাবিষ্কৃত জায়গাকে লোকচক্ষুর সামনে নিয়ে আসাই তার উদ্দেশ্য।
আজকের সিলেট/এনএস/জেকেএস
শাবি প্রতিনিধি 








