সিলেটে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৫৯ AM

সিলেটে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০১:২১:৫৯ AM

সিলেটে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা


সিলেটে এক বন্যার ধকল সামলে উঠার আগেই ফের তলিয়ে যেতে শুরু করেছে জেলার বহু অন্চল।  শনিবার (১৫ জুন) থেকে  সিলেটের কয়েকটি উপজেলায় ফের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃদ্ধি পেতে শুরু করেছে নদ-নদীর পানি।  সিলেটে টানা বর্ষণ ও উজানে ভারত থেকে নেমে আসা পানির কারণে সিলেটে ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রোববার পর্যন্ত সিলেটের অন্তত ৪টি উপজেলা নতুন করে তলিয়ে গেছে। উপজেলাগুলো হচ্ছে- কোম্পানীগঞ্জ, গোয়াইনগাট, কানাইঘাট ও ওসমানীনগর।

গোয়াইনঘাট উপজেলা সদর, রুস্তুমপুর, লেংগুড়া, ডৌবাড়ি, নন্দীরগাঁও, পূর্ব ও পশ্চিম আলীরগাও, পশ্চিম জাফলং, মধ্য জাফলং ইউনিয়নের হাওর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। উপজেলার সালুটিকর-গোয়াইনঘাট সড়কটি ফের পানিতে তলিয়ে গেছে। যার কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গোয়াইনঘাট-রাধানগর-জাফলং সড়কের উপর দিয়েও বানের পানি প্রবাহিত হচ্ছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ছনবাড়ি, চিকাডহর, শাহ-আরেফিন বাজার ও জালিয়ারপাড় এলাকা ইতোমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে। ফলে মানুষজন বাড়িঘর পনিবন্ধী হয়ে পড়েছেন। উপজেলার ছনবাড়ি-ভোলাগঞ্জ রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া উপজেলার নিম্নাঞ্চলগুলোতে পূর্বে পানি বৃদ্ধি পেয়ে উত্তর সদর এলাকায় ধাবিত হচ্ছে। 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন গণমাধ্যমক জানান, গত ২৪ ঘণ্টায় গত শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায়  সিলেটে বৃষ্টিপাতের পরিমান ৬৬.৫ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ছিলো ২৮ মি.মি.। সোমাবার ঈদের দিনও অতিবৃষ্টি থেকে ভারি বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, সিলেটে দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টায় কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।  সিলেটে সুরমা এবং আমলসীদ ও শেওলায় কুশিয়ারা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুটি নদীতেই পানি বাড়ছে।

পাউবো  সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, ভারতের চেরাপুঞ্জিতে অতি বৃষ্টিপাত হওয়ায়  সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এখন যদি সেখানে এভাবে বৃষ্টিপাত অবিরাম হতে থাকে, তাহলে সিলেটের অবস্থা খুবই ভয়াবহ হবে। চেরাপুঞ্জিতে যদি প্রতিদিন ২০০ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয় তা হলে  সিলেটে বড় বন্যার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে থেকে সিলেটে বন্যা দেখা দেয়। দুই সপ্তাহ ব্যাপী চলমান এ বন্যায় আক্রান্ত হন ১২টি উপজেলার সাড়ে ৭ লাখ মানুষ। সেই বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার আগেই সিলেটে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।


আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর