আবারো বন্যার পানিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ এলাকা। বিশেষ করে নগরীর নিমাঞ্চলের এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে। বন্যার পানির অবনতি হওয়ার ফলে সোমবার থেকে সিলেট সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। এসব আশ্রয়কেন্দ্র ও বন্যা কবলিত বিভিন্ন পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার দুপুর ১টায় সিটি করপোরেশনের ২৬, ২৮ ও ২৯ নং ওয়ার্ডের আশ্রয়কেন্দ্রেগুলোতে যান সিসিক মেয়র। এসময় তিনি কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের খোঁজ খবর নেন ও বন্যা দুর্গতদের জন্য সিসিকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বৃষ্টির মধ্যেও গতকাল আমরা সুন্দরভাবে ঈদ পালন করতে পেরেছি।কিন্তু আজ সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ফলে আমাদের ২৬, ২৮ ও ২৯নং ওয়ার্ড এলাকায় পানি উঠেছে।
তিনি বলেন, ইতোমেধ্য আমাদের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছি। বন্যা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার জন্য জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও ১৭ পদাতিক ডিভিশনের মেজরের সঙ্গে আমি যোগাযোগ করেছি। সন্ধ্যায় সাতটায় নগরভবনে বৈঠক রয়েছে।
এদিকে, মহানগরীতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিসিকের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনংসযোগ কর্মকর্তা সাজলু লস্কর। তিনি জানান মহানগরে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মেয়র মহোদয়ের নির্দেশে সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








