জৈন্তাপুর সড়ক দুর্ঘটনায় চার ছাত্রলীগ কর্মীর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখার জন্য পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল হাসান, বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, জেলা পুলিশের একজন, সিভিল সার্জনের একজন এবং ফায়ার সার্ভিসের একজন থাকবেন।
সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে। আমরা আদেশ পাওয়ার পরপরই কাজ শুরু করেছি।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ৪ নম্বর বাংলাবাজার রাংপানি এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার ছাত্রলীগ কর্মী নিহত হন। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রণদ্বীপ পালের ছেলে নেহাল পাল রিসব (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫) ৷
আজকের সিলেট/জেএন/এসটি
নিজস্ব প্রতিবেদক 








