শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ৫ম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে জবফেস্ট। এ জবফেস্টে বিভিন্ন প্রাণ-আরএফএলসহ দেশি-বিদেশি ৩৫টিরও বেশি কোম্পানি তিন শতাধিক চাকরির সুযোগ নিয়ে আসছে।
মঙ্গলবার দুপুরে এ বিষয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করে ক্যারিয়ার ক্লাবের নেতারা।
ক্লাব সভাপতি সাকিব হাসান রাসেল বলেন, প্রতিবছরের ন্যায় এবারও দুই দিনব্যাপী জবফেস্টের আয়োজন করেছে সাস্ট ক্যারিয়ার ক্লাব। এটি ক্যারিয়ার ক্লাবের ৫ম জবফেস্ট। আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে সকাল ৯টায় জবফেস্ট চলবে।
এবারের জবফেস্টে অংশ নেবে প্রাণ-আরএফল, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নাভানা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, লাইট ক্যাসল পার্টনার্স, আড়ং, এপেক্স, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম, শেভরন বাংলাদেশ, হামিম গ্রুপ এবং ক্রাউন সিমেন্টসহ ৩৫টি ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি।
জবফেস্টের ৩১ জানুয়ারি প্রথমদিন চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে সিভি জমা নেওয়া হবে। ওইদিন বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে কর্পোরেট ক্যারিয়ার বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। ১ ফেব্রুয়ারি শেষদিন পদ শুন্যতার ভিত্তিতে সিভি জমা নিয়ে বিভিন্ন কোম্পানি নির্বাচিতদের ভাইভা নেবে।
আজকের সিলেট/ডি/এসটি
শাবি প্রতিনিধি 








