সিলেটে উৎসবের আমেজে উজ্জীবিত তৃণমূল বিএনপি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৫ AM

সিলেটে উৎসবের আমেজে উজ্জীবিত তৃণমূল বিএনপি

দিনা রহমান

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ১০:৪৪:৩৮ AM

সিলেটে উৎসবের আমেজে উজ্জীবিত তৃণমূল বিএনপি


সিলেটে ‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিলেট বিভাগীয় র‍্যালিকে সামনে রেখে উৎসবের আমেজে বিরাজ করছে তৃণমূল বিএনপির কর্মীদের মধ্যে। র‍্যালিতে অংশ নিতে উজ্জীবিত সিলেট বিভাগের সকল নেতাকর্মী। ফুটপাত থেকে অফিস আদালত, গ্রামের হাট থেকে যাত্রী ছাউনি সব জায়গায় একই আলাপ। যদিও গত রোববার র‍্যালিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়া কারণে দুদিন পিছিয়ে তার মঙ্গলবার করার সিদ্ধান্ত দিয়েছে দলটি।

দলীয় সূত্র জানা গেছে, প্রায় ১৫ বছর পর সিলেটে বিএনপি স্বাধীনভাবে সমাবেশ করতে যাচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও কেন্দ্রীয় নেতা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। যদিও এর পূর্বে বিগত আওয়ামীলগ সরকারের সময়ে বেশ কয়েটি বড় সমাবেশ করেছে সিলেট বিএনপি। কিন্তু এসব সমাবেশে বিভিন্ন বাঁধা বিপত্তি ছিল।

বিগত প্রায় ১৫ বছর স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে সিলেটে বিএনপি বাধামুক্তভাবে সমাবেশ করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালে বিএনপির প্রতিটি আয়োজনেই নানাভাবে বাধা দিতো আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীরা। চালানো হতো গণগ্রেফতার, বন্ধ করে দেয়া হতো গণপরিবহণ। তবে এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। সম্পূর্ণ বাধাহীন এবারের কর্মসূচি পালন করছে দলটি। তাই নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে। সিলেট জেলা ও মহানগরের পাশাপাশি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। কারচেয়ে কে বেশি কর্মীর বহর নিয়ে র‍্যালিতে যোগ দেবেন। এমনকি প্রতিটি সংসদীয় আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরাও নেমেছেন জোর প্রতিযোগীতায়।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বেলা ২ টার দিকে সমাবেশটি শুরু হবে। পরে বিকেল ৩টায় র‍্যালি শুরু হবে। সমাবেশ সফল করতে সিলেট শহরজুড়ে ছয়টি টিম মাইকযোগে প্রচারণা চলাচ্ছে। এছাড়াও বিভাগের প্রতিটি উপজেলা, মহানগরীর ওয়ার্ডে-ওয়ার্ডে প্রস্তুতি সভা করেছেন দলটির নেতারা। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সিলেট জেলা ও মহানগরের দায়িত্বশীলরা কাজ করছেন।

ইতোমধ্যে কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এই সমাবেশে নেতাকর্মীদের বড় জমায়েত ঘটাতে চায় দলটি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী আজকের সিলেটকে বলেন, গণতন্ত্র দিবসের এই শোভাযাত্রা সিলেট মহানগরীর প্রতিটি ওয়ার্ডের দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে সাড়া জাগিয়েছে। মানুষ দীর্ঘ ১৭ বছর পর মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে, মুক্তির স্বাদ পেয়েছে। সিলেট মহানগরী সহ বিভাগের চারটি জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে থেকে দলীয় নেতাকর্মী সহ মজলুম সাধারণ মানুষ এই শোভাযাত্রায় অংশ নেবে। আগামীকালের শোভাযাত্রা সফল করার মধ্য দিয়ে প্রমাণিত হবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় দেশের নির্যাতিত-নিপীড়িত ও ভোটাধিকার বঞ্চিত জনতা বিএনপির সাথেই আছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আজকের সিলেটকে বলেন, শোভাযাত্রকে কেন্দ্র শুধুমাত্র সিলেট জেলা নয়, সিলেট বিভাগের সকল জেলার দলীয় নেতাকর্মীরা অংশ নেয়ার প্রস্তুতি নিয়েছেন। এটি হবে ঐতিহাসিক শোভাযাত্রা।এতদিন সভা সমাবেশে আসতে সরকার দল ও তাদের পেটুয়া বাহিনী বিভিন্ন বাঁধা বিপত্তি সৃষ্টি করত, পরিবহন বন্ধ করে দিত। এবার যেহেতু তা হবে না, তাই দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে আগামীকালের শোভাযাত্রায় সিলেট বিভাগের অন্তত ৩০ থেকে ৩৫ হাজার দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী আজকের সিলেটকে বলেন, মঙ্গলবার আমরা বিশ্ব গণতন্ত্র দিবসের শোভাযাত্রা করব। এতে সিলেট জেলা বিএনপির আওতাধীন প্রতিটি ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা নিজ নিজ ইউনিটের ব্যানার নিয়ে অংশগ্রহন করবেন। দলের তৃণমূলের নেতাকর্মীরা ইতিমধ্যে শোভাযাত্রায় অংশগ্রহনের সকল প্রস্তুতিও সম্পন্ন করেছেন।

আজকের সিলেট/ডিআর/এসটি

সিলেটজুড়ে


মহানগর