শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক ডক্টর এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীকে ভিসি, শাবির গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাজেদুল করিমকে প্রো-ভিসি এবং শাবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মোছা. রোখছনা বেগম স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
নিজের অনুভূতি জানিয়ে শাবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, শাবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এ বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একযোগে কাজ করে যাবো। আশা করছি, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় আরও উন্নতি হবে। পরিশেষে বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আজকের সিলেট/ডি/এপি
শাবি প্রতিনিধি 








