শাবিতে প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের শপথকাণ্ডের ঘটনায় সমন্বয়কদের দুঃখ প্রকাশ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ PM

শাবিতে প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের শপথকাণ্ডের ঘটনায় সমন্বয়কদের দুঃখ প্রকাশ

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৮:৪৪:৪৬ AM

শাবিতে প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের শপথকাণ্ডের ঘটনায় সমন্বয়কদের দুঃখ প্রকাশ


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে শপথ বাক্য পাঠ করানোর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সমন্বয়কদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি আলোচিত বিষয়টি সম্পর্কে  নিজেদের অবস্থান তুলে ধরেন তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি আনুষ্ঠানিক কোনও শপথ অনুষ্ঠান ছিল না। নতুন প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ছিল। এতে শহীদদের আত্মত্যাগ এবং জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখতে শিক্ষকদের কাছে কয়েকটি দাবিতে শিক্ষার্থীরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বিষয় উঠে আসে।

ভাইরাল ভিডিওটি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের (শিক্ষার্থীদের) বাক্যগুলো ছিল, জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা বিপ্লবের স্পিরিট ও আদর্শ ধারণ করে ক্যাম্পাসকে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতিমুক্ত রেখে শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি। এ ছাড়া দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবি যেন দেশ ও জাতি এবং বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে সক্ষম হয় সেই লক্ষ্যে কাজ করার প্রতিজ্ঞা।

‘শিক্ষার্থীদের উদ্দেশ্যকে সুন্দর এবং যথাযথভাবে উপস্থাপন করতে না পারার কারণে মূলত এই বিভ্রান্তি তৈরি হয়েছে’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দুঃখ প্রকাশ করেন শাবির সমন্বয়করা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন-১-এর কনফারেন্স রুমে নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ বাক্য পাঠ করান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বিশ্ববিদ্যালয়ের থিয়েটার সাস্টের সভাপতি পলাশ বখতিয়ার। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী শুরু হয় তুমুল সমালোচনা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর