নগরীর মেজরটিলা এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাহত হয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী। ছুরিকাহত শিক্ষার্থী আব্দুল্লাহ আনাস নগরীর মিরাবাজার এলাকার খার পাড়ার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। সে নগরীর স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাস থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী।
রোববার বেলা ১টার দিকে মেজরটিলা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল্লাহ আনাসের মামা মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কলার্সহোমের ৯ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী আনাসকে বড় ভাই ডাকতে বলে। তাতে অসম্মতি জানায় সে। এনিয়ে তাদের সঙ্গে কথাকাটি হয় আনাসের। রোববার ক্লাস শেষে আসার পথে মেজরটিলা পাম্পের সামনে কয়েকজন শিক্ষার্থী বহিরাগত কিছু যুবককে নিয়ে আনাসের ওপর হামলা চালায়। এসময় তার বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন লেখার সময় আনাসের অস্ত্রোপাচার চলছিল।
তবে শাহপরাণ (রহ.) থানার ওসি হারুনুর রশিদ জানান, এ বিষয়ে তিনি অবগত নয়। কেউ থানায় অভিযোগও দেয়নি। বিষয়টি খতিয়ে দেখবেন।
আজকের সিলেট/জেএন/এসটি
নিজস্ব প্রতিবেদক 








