দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজ সামনে রেখে প্রস্তুতি সেরে ফেলেছে স্বাগতিক টাইগাররা। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচের আগের দিন দুই দলের অধিনায়ক ট্রফি উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন টেস্ট সিরিজের।
এক সময় বাংলাদেশ-জিম্বাবুয়ে লড়াই ছিল উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই দ্বৈরথের আবেদন কমে এসেছে অনেকটাই। এমনকি এই সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি কোনো বেসরকারি সম্প্রচারকারী প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিনামূল্যে সরাসরি সম্প্রচারের দায়িত্ব নিয়েছে।
সিরিজের প্রতি আগ্রহ কমে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিকিটের দাম কমিয়ে দিয়েছে। এবার সর্বনিম্ন ৫০ টাকায় খেলা উপভোগ করা যাবে সিলেট স্টেডিয়ামে। শহীদ তুরাব স্ট্যান্ড, ইস্টার্ন গ্যালারির ৩ নম্বর গেট ও গ্রিন হিল এরিয়ায় এই টিকিটে খেলা দেখা যাবে। এছাড়া ক্লাব হাউসের টিকিট ২৫০ টাকা, ইস্টার্ন গ্যালারির ২ নম্বর গেটের টিকিট ১৫০ টাকা এবং সর্বোচ্চ গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
প্রথম টেস্ট শেষে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।
আজকে সিলেট/ডি/এপি
নিউজ ডেস্ক 








