ইউথ ফর নেশন’র উদ্যোগে প্রথম অলিম্পিয়াড অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৪ AM

ইউথ ফর নেশন’র উদ্যোগে প্রথম অলিম্পিয়াড অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০৬:১৯:২২ AM

ইউথ ফর নেশন’র উদ্যোগে প্রথম অলিম্পিয়াড অনুষ্ঠিত


সিলেটের স্বনামধন্য স্কুলের অষ্টম থেকে দশম শ্রেণীর শতাধিক শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউথ ফর নেশন’র উদ্যোগে প্রথম অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ অলিম্পয়াডে কুইজ, পাবলিক স্পিকিং ও রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট কবি ও গবেষক মুহিবুর রহমান কিরন এবং বিশেষ অতিথি হিসেবে কবি ও লেখক এডভোকেট কল্যাণ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য কর্মী ও সমাজ সেবক সমর কুমার দাস, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ইউথ ফর নেশনের প্রতিষ্ঠাতা কাব্য মজুমদার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি সাদমান আহমেদ সাকিব চৌধুরী ও প্রোগ্রাম ও কমিউনিকেশন ডিরেক্টর নাদিয়া ইসলাম তুহফা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মারিয়া জান্নাত ইভা। এরপর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুইজ ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক একটি রম্য বিতর্কেরও আয়োজন করা হয়। 

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেছেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী যথাক্রমে পুষ্পিতা দাস মুন ও প্রজ্ঞা সরকার এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন সিটি মডেল স্কুলের শিক্ষার্থী শ্রী পর্ণা তালুকদার। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন পিডিবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান অর্নি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী পূজা দাস সৌমি ও লামিয়া আক্তার। এছাড়া রম্য বিতর্কে বিজয়ী হয়েছেন পিডিবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় আহমেদ।

প্রধান অতিথি বক্তব্যে মুহিবুর রহমান কিরন বলেন, “শিক্ষার্থীদের অংশগ্রহণে 'ইউথ ফর নেশন'-এর এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই উদ্যোগ নতুন প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ও গঠনমূলক কার্যক্রমে সম্পৃক্ত করবে, যা তাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এমন আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব গঠনে সহায়ক হবে এবং তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বড় বড় প্ল্যাটফর্মে নিজেদের অবস্থান তৈরি করতে আগ্রহী হবে। আমি আয়োজনে সংশ্লিষ্ট সকলের নিরলস পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করি।”

সমাপনী বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা কাব্য মজুমদার বলেন, “আমরা ‘ইউথ ফর নেশন’ সংগঠনের পক্ষ থেকে শুরু থেকেই জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আমাদের প্রথম প্রোগ্রামে ‘গুণগত শিক্ষা’কে গুরুত্ব দিয়ে সিলেটের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আজকের এই সফল আয়োজন আমাদের স্বপ্ন ও প্রচেষ্টার একটি বাস্তব প্রতিফলন। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে, আরও বেশি শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ত করে, একসাথে কাজ করতে চাই। সকলের আন্তরিকতা ও সহযোগিতায় আমাদের এ পথচলা আরও সুদৃঢ় হবে—এই প্রত্যাশা করি।”

আজকের সিলেট/প্রতিনিধি/এসসিজে

সিলেটজুড়ে


মহানগর