নগরীর জিন্দাবাজার, মীরবক্সটুলা ও আশপাশের এলাকায় রেস্টুরেন্টগুলোর খাদ্য সংরক্ষণে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, জিন্দাবাজারের উন্দাল রেস্টুরেন্টে ফ্রিজের ভেতরে রান্না করা মাংসের সাথে ফালুদা, আইসক্রিমের সাথে রান্না করা মাছ এবং কাঁচা মাছ-মাংস একত্রে রাখা অবস্থায় পাওয়া যায়। খাদ্য সংরক্ষণের এসব গুরুতর অব্যবস্থাপনার দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও নগরীর আরও কয়েকটি ছোট-বড় রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম পাওয়ায় অতিরিক্ত ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে অভিযান সম্পন্ন হয়। সংশ্লিষ্ট রেস্টুরেন্টগুলোকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় এবং অনিয়ম অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।
সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে। উন্দাল রেস্টুরেন্টসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








