রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির ৪-০ ব্যবধানে জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৯:১৫:৫৯ পূর্বাহ্ন

মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির ৪-০ ব্যবধানে জয়


আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ক্লাবের হয়ে মাঠে ফিরেই আলো ছড়ালেন লিওনেল মেসি। তাঁর পাশাপাশি জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজও। দুই তারকার নৈপুণ্যে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩-এ। গত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোলের পাশাপাশি ১৯টি অ্যাসিস্ট করেছিলেন আর্জেন্টিনার এই মহাতারকা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কারও জেতেন তিনি। লিগটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুইবার এই সম্মান অর্জন করা মেসি এবারও রয়েছেন দারুণ ছন্দে।

আর্জেন্টিনার হয়ে চার দিন আগে শেষ ম্যাচ খেলা মেসি ডিসি ইউনাইটেডের বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। বিরতির পর ৪৭ মিনিটে গোলের খাতা খোলেন তিনি। লুইস সুয়ারেজের ছয় গজ দূরত্ব থেকে বাড়ানো নিখুঁত পাস এক স্পর্শে জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান মেসি।

এর আগে ম্যাচের তৃতীয় মিনিটেই সুয়ারেজের গোলে এগিয়ে যায় মায়ামি। ৩৯ মিনিটে মেসির নেওয়া শট প্রতিপক্ষের বাধায় আটকে গেলে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন উরুগুইয়ান ফরোয়ার্ড। এতে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় স্বাগতিক দল।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে ড্রিবলিংয়ে ডিসি ইউনাইটেডের দুই খেলোয়াড়কে কাটিয়ে এগিয়ে যান তিনি। এরপর ১২ গজ দূর থেকে গোলরক্ষক সিন জনসনকে পরাস্ত করে দলের স্কোরলাইন ৪-০ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই জয়ের মাধ্যমে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটিয়েছে ইন্টার মায়ামি। আগের পাঁচ ম্যাচে চারটি ড্রয়ের পাশাপাশি একটিতে হেরেছিল দলটি। গত ২৯ আগস্ট সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলে হারানোর পর এটিই ছিল মায়ামির প্রথম জয়।

একই সঙ্গে নতুন কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেসের জন্যও জয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। গত ১৬ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর এমএলএসে এটি তাঁর প্রথম জয়।

এই জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মায়ামি। ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর