রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
রোববার (১১ অক্টোবর) মামলার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো মামলায় উল্লেখ করা হয়েছে।
শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এতে দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক ও ২৯৫ক ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টার সময় এক নারীসহ চারজনকে আটক করা হয়। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
আজকের সিলেট/ জেকেএস









