সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের লক্ষ্যে ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। জোটের নেতৃত্বে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিশ্বববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন।
ফয়সাল হোসে শাকসুর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হবেন বলে জানা গেছে। এই জোটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও কয়েকজন সাবেক সমন্বয়ক সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে জোটের আত্মপ্রকাশ করেন। এসময় জোটের আটজন সদস্য উপস্থিত। জোটের আওতায় আরো কয়েকজন সদস্য রয়েছেন বলে জানিয়েছেন তারা।
জোটের নেতা ফয়সাল হোসেন বলেন, এটা একক নির্দিষ্ট কোন প্যানেল নয়। স্বতন্ত্র বিভিন্ন একক প্রার্থীরা একত্রিত হয়ে এটি গঠন করেছি। যেন শিক্ষার্থী ও শাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে সকল অনিয়ম সংগঠিত হয় এবং এর সাথে আমরা যাতে একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে শাকসু নির্বাচনকে সম্পন্ন করতে পারি সেই লক্ষ্যে একত্রিত হয়েছি।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংগঠনের বাইরেও সামাজিক, স্বেচ্ছাসেবী ও স্বতন্ত্র শিক্ষার্থী রয়েছে। যারা শিক্ষার্থীদের জন্য সবসময় সোচ্চার ভূমিকা রাখে। কিন্তু তাদের ভয়েজ সম্মিলিত না হওয়ার কারণে তাদের আওয়াজ প্রশাসনের স্বৈরাচারী মনোভাবকে ডিঙাতে পারে না।
স্বতন্ত্র ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান সুমাইয়া লিখিত বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানের আগে ছাত্ররাজনীতিতে আমাদের অভিজ্ঞতা ছিল অত্যন্ত নেতিবাচক। হল দখল, মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দাপট ছিল স্পষ্ট। প্রশাসনও তাদের রক্ষক হয়ে নিজস্ব দুর্নীতিকে বাড়তে দিয়েছে। অভ্যুত্থানের পর ব্যক্তি বদল হলেও প্রশাসনের আচরণ ও কাঠামোগত সমস্যায় তেমন পরিবর্তন আসেনি। এই অবস্থায় শাকসু নির্বাচন বাস্তবায়নে স্বতন্ত্র সাস্টিয়ান জোট শিক্ষার্থীদের সৌহার্দ্য বজায় রেখে ঐক্যবদ্ধ থাকবে। আমরা একক প্যানেল নই তাই প্রত্যেকে নিজের সিদ্ধান্তের জন্য নিজেই দায়ী থাকবে। একজনের ভুলের দায় অন্যজনের নয়। তবে শিক্ষার্থীদের কমন ও যৌক্তিক দাবিতে আমরা সবাই একত্রে কাজ করব।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








