জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে অংশগ্রহণ করবে কি না—এমন নানা জল্পনা-কল্পনা ও আলোচনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিককে প্রার্থী হিসেবে মনোনীত করেছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
গত সোমবার রাতে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। আলহাজ্ব আতিকুর রহমান আতিক এর আগেও এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত এবং সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিকের প্রার্থী হওয়ার খবর নির্বাচনী এলাকায় পৌঁছালে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার নেতা-কর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, হেভিওয়েট প্রার্থী হিসেবে আতিকুর রহমান আতিকের মনোনয়ন এই আসনে লাঙল প্রতীকের অবস্থানকে আরও শক্তিশালী করবে। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের প্রস্তুতিমূলক তৎপরতা শুরু হয়েছে।
উল্লেখ্য, আতিকুর রহমান আতিক দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে সিলেট-৩ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








