শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মোট ৭৫ হাজার ১৩১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক আহমেদ কবির চৌধুরী জানান, এ বছরের A1 (বিজ্ঞান) ইউনিটে আবেদন করেছেন ৫১ হাজার ৬০৩ জন, যেখানে ঢাকায় পরীক্ষা দেবেন ৪৩ হাজার ২৫০ জন এবং সিলেট কেন্দ্রে পরীক্ষা দেবেন ৮ হাজার ৩৫৩ জন। A2 (বিজ্ঞান–আর্কিটেকচার) ইউনিটে আবেদন করেছেন ১ হাজার ২৩৬ জন, যাদের পরীক্ষা শুধুমাত্র সিলেট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বি ইউনিটে আবেদন করেছেন ২২ হাজার ২৯২ জন, যাদের মধ্যে ঢাকায় ১৩ হাজার ৮৩৭ জন এবং সিলেটে ৮ হাজার ৪৫৫ জন পরীক্ষায় অংশ নেবেন। ভর্তি আবেদন গ্রহণ হয়েছে ৫ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী ১৩ জানুয়ারি A1 ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরের দিন ১৪ জানুয়ারি বি ইউনিটের পরীক্ষা হবে। উভয় ইউনিটের পরীক্ষা ঢাকা ও সিলেট কেন্দ্রে নেওয়া হবে। তবে A2 ইউনিটের পরীক্ষা হবে শুধু সিলেট কেন্দ্রে।
আবেদন ফি অনুযায়ী A1 ও B ইউনিটের জন্য ফি ১ হাজার ২০০ টাকা এবং A2 ইউনিটের জন্য ১ হাজার ৪০০ টাকা। এ ভিত্তিতে বিশ্ববিদ্যালয় আয় করেছে A1 ইউনিট থেকে ৬ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৭৫০ টাকা, A2 ইউনিট থেকে ১ কোটি ৭ লাখ ৩০ হাজার ৪০০ টাকা এবং B ইউনিট থেকে ২ কোটি ৬৭ লাখ ৪০০ টাকা। সব মিলিয়ে আবেদন ফি দাঁড়িয়েছে ৯ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৫৫০ টাকা।
এ বছর শাবিপ্রবিতে মোট ১ হাজার ৫৬৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর বাইরে সোসাইটিজ মেরিট অ্যালোকেশন (এসএমএ) কোটার জন্য অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত থাকবে।
আজকের সিলেট/ডি/এসটি
শাবি প্রতিনিধি 








