নির্বাচন কর্মকর্তাকে নিয়ে অশালীন স্লোগান, প্রার্থীকে শোকজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ AM

নির্বাচন কর্মকর্তাকে নিয়ে অশালীন স্লোগান, প্রার্থীকে শোকজ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ০৯:৩১:৪৪ AM

নির্বাচন কর্মকর্তাকে নিয়ে অশালীন স্লোগান, প্রার্থীকে শোকজ


আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৫ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে নির্বাচন কমিশন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান এ নোটিশ প্রদান করেন।

এতে বলা হয়- নির্বাচনি প্রচারণার জন্য নির্ধারিত সময়সীমার আগে ১২ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬টায় জকিগঞ্জ বাজারের সোনার বাংলা সেন্টারের হলরুমে উবায়দুল্লাহ ফারুকের উপস্থিতিতে শতাধিক নেতাকর্মী ও সমর্থক নির্বাচনি প্রচারণা চালায়।

এ সময় নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঘটনাস্থলে উপস্থিত হলে ফারুকের কর্মী-সমর্থকরা তাদের ঘিরে বিভিন্ন অশ্লীল স্লোগান দেন এবং ভীতি সঞ্চারের উদ্দেশে উচ্চস্বরে কথা বলেন।

ইউএনওর নোটিশে আরও উল্লেখ করা হয়, এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দিলে উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ ইউএনও নিজে ঘটনাস্থলে উপস্থিত হলে মঞ্চে কয়েকজন নেতা বিশেষত সিদ্দিকুর রহমান পাপলু অশালীন আচরণ করেন।

এ সময় উবায়দুল্লাহ ফারুকসহ অন্য নেতাদের অনুষ্ঠান অবিলম্বে শেষ করার অনুরোধ জানানোর পরেও নির্বাচনি প্রচারণা চলমান রাখেন এবং ভোট প্রার্থনা করেন অভিযোগ করে ইউএনওর নোটিশে বলা হয়- সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি ব্যতীত উক্ত অনুষ্ঠান আয়োজন, ইউএনওর অনুরোধ এবং আইন ও বিধির তোয়াক্কা না করে আপনি নির্বাচনি প্রচারণা চলমান রাখেন, যা নির্বাচনি আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এমতাবস্থায়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী কেন প্রার্থিতা বাতিলের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না- সেই বিষয়ে আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো। 

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর