জৈন্তাপুরে ক্লাস চলাকালে স্কুল ভবনের ছাদ ধসে, অল্পের জন্য রক্ষা শিক্ষার্থীরা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ PM

জৈন্তাপুরে ক্লাস চলাকালে স্কুল ভবনের ছাদ ধসে, অল্পের জন্য রক্ষা শিক্ষার্থীরা

ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৩:০১:১৩ PM

জৈন্তাপুরে ক্লাস চলাকালে স্কুল ভবনের ছাদ ধসে, অল্পের জন্য রক্ষা শিক্ষার্থীরা


সিলেটের জৈন্তাপুরে জরাজীর্ণ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ক্লাস চলার সময় ছাদের একটি অংশ ভেঙে পড়েছে। বৃহস্পতিবার সকালে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে। দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে নিয়মিত পাঠদান চালিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে নির্মিত ভবনটি দীর্ঘদিন সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল রয়েছে। ছাদ ও দেয়ালেরও বেশ কিছু অংশ নষ্ট হয়ে গেছে।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবনের অন্য কোনো অংশও ক্লাস চলাকালে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী বলেন, দীর্ঘদিনের পুরোনো হওয়ায় ভবনের বিভিন্ন অংশ এখন ঝুঁকিপূর্ণ। ক্লাস চলার সময় ছাদের অংশ ধসে পড়ার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমাম উদ্দিন বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত ভবনটি পরিদর্শন করে সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, “বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ভবনটি পরিদর্শন, ঝুঁকি নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর