সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের দুই প্রবাসীর লাশ দেশে
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ PM

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের দুই প্রবাসীর লাশ দেশে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০২:৩৭:২৭ PM

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের দুই প্রবাসীর লাশ দেশে


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালেদ আহমদের লাশ দেশে ফিরেছে। বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে বিমানের একটি ফ্লাইটে লাশ দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করে দুপুর পৌণে ১২টার দিকে স্বজনদের হাতে লাশ তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

নিহত আব্দুল করিমের বয়স ৫৫ বছর এবং খালেদ আহমদের ৪৫ বছর। তাঁরা দুজনই পরস্পরের প্রতিবেশী। তাঁদের বাড়ি সিলেটের কানাইঘাট থানার লামারতালুক গ্রামে।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।

আব্দুল করিম তিন ছেলে ও এক মেয়ের বাবা। অন্যদিকে খালেদ আহমদের চার ছেলে ও চার মেয়ে রয়েছে।

বিমানবন্দরে লাশ গ্রহণের সময় স্বজনদের কান্না ও আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের কাছে প্রিয়জনের লাশ ফিরলেও সেই মুহূর্ত ছিল গভীর বেদনার।

এ সময় স্বজনরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার কথা স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্বজনদের একাধিক সূত্র জানিয়েছে, নিহত দুই প্রবাসীর লাশের অপেক্ষায় কানাইঘাটের লামারতালুক গ্রামের বাড়িসহ পুরো এলাকার মানুষ। লাশ বাড়িতে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা জানাজার সময়সূচি ঘোষণা করবেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর