শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, বিশ্বনাথে ১৪৪ ধারা

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০২:৪২:৩৩ অপরাহ্ন

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, বিশ্বনাথে ১৪৪ ধারা


সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

প্রশাসনের নিষেধাজ্ঞার পর পৌর শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। যানবাহন ও সাধারণ মানুষের চলাচলেও কোনো বাধা দেখা যায়নি।

বুধবার রাতে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহেদ বিন কাশেম।

প্রশাসনের আদেশ অনুযায়ী, বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির গণজমায়েতও নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে বুধবার রাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরে মাইকিং করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর জমি কেনাবেচাকে কেন্দ্র করে লামাকাজী ইউনিয়নের ভুরকি ও ইসবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। মাইকিং করে দুই পক্ষকে জড়ো করা হয়েছিল বলে জানা গেছে। ওই ঘটনায় একপক্ষে ছিলেন স্থানীয় চেয়ারম্যান ও বিএনপি নেতা কাবির হোসেন ধলা মিয়া। অপরপক্ষে ছিলেন ইসবপুর গ্রামের জমির ক্রেতা হাজী সফির মিয়া (৬৫)। ঘটনার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা চলমান রয়েছে।

ওই বিরোধের ধারাবাহিকতায় বৃহস্পতিবার একই স্থান ও সময়ে দুই পক্ষ পৃথক কর্মসূচি ঘোষণা করে। চেয়ারম্যান কাবির হোসেন ধলা মিয়ার সমর্থনে বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে প্রতিবাদ সভার আয়োজনের কথা ছিল।

অন্যদিকে হাজী সফির মিয়ার সমর্থকেরা ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। একই জায়গায় দুই পক্ষের কর্মসূচি থাকায় মুখোমুখি অবস্থান থেকে সংঘাতের আশঙ্কা তৈরি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এদিকে কর্মসূচিকে ঘিরে দলীয় পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়াতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভা থেকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রশাসনের নিষেধাজ্ঞা মেনে চেয়ারম্যান কাবির হোসেনের পক্ষ থেকেও পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১৪৪ ধারা কার্যকর রয়েছে। অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা এড়াতে পৌর শহরে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকেই প্রধান সড়কগুলোতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। গণপরিবহন ও সাধারণ মানুষের চলাচলও স্বাভাবিক আছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর