ছবি: আজকের সিলেট
হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর পুণ্যভূমি সিলেটে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরের মধ্য দিয়েই শুরু বিএনপির নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতা।
দীর্ঘ সময় পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনার সঙ্গে জড়িয়ে আছে আবেগও। সব মিলিয়ে বিএনপির চেয়ারম্যানের আগমনে সিলেটের আজকের সকালটা হয়ে উঠেছে অন্যরকম।
ইতোমধ্যে নির্বাচনী জনসভাকে ঘিরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে প্রবেশ করতে দেখা গেছে তাদের। এছাড়া বুধবার (২১ জানুয়ারি) রাত থেকেই বিভিন্ন উপজেলা ও জেলার নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে অবস্থন করেন। সময় যত গড়াচ্ছে মাঠ ও আশপাশের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
মাঠের পূর্ব পাশে নির্মাণাধীন মঞ্চের কাজ সম্পূর্ণ হয়েছে। মঞ্চের সামনে প্রায় ৩০ ফুট এলাকা জুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। সমাবেশস্থল থেকে সিলেট বিভাগে ১৯টি আসনের প্রার্থীদের পরিচয় করিযে দেবেন তারেক রহমান।
বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আলিয়া মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। ওই সমাবেশে সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
আজকের সিলেট/এএসআর
নিজস্ব প্রতিবেদক 








