ভুল চিকিৎসার অভিযোগে নবজাতকের মৃত্যু, ক্ষুব্ধ স্বজনদের হাসপাতালে হামলা–ভাঙচুর
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১১ PM

ভুল চিকিৎসার অভিযোগে নবজাতকের মৃত্যু, ক্ষুব্ধ স্বজনদের হাসপাতালে হামলা–ভাঙচুর

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৬ ০৬:৪১:১২ PM

ভুল চিকিৎসার অভিযোগে নবজাতকের মৃত্যু, ক্ষুব্ধ স্বজনদের হাসপাতালে হামলা–ভাঙচুর


বিয়ানীবাজার পৌরশহরের মা ও শিশু জেনারেল হাসপাতালে ভূল চিকিৎসার অভিযোগে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালটিতে হামলা ও ভাংচুর চালিয়েছে। নিহত নবজাতক বিয়ানীবাজার উপজেলার রামধা বাজার এলাকার রাজা মনিরের প্রথম সন্তান।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে প্রসূতিকে মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে কর্তব্যরত চিকিৎসক সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। তবে অপারেশন থিয়েটারে নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও নবজাতকের বিষয়ে পরিবারকে কোনো সঠিক তথ্য জানানো হয়নি। পরে সিজারের পরিবর্তে নরমাল ডেলিভারি করানো হলে নবজাতকের মৃত্যু হয়। পরিবারের দাবি, সিজারের কথা বলেও নরমাল ডেলিভারি করানোর কারণেই এই মৃত্যু ঘটেছে।

নবজাতকের মামা মিটু বলেন, হাসপাতালের অবহেলা ও ভূল চিকিৎসার কারণেই আমার ভাগ্নের মৃত্যু হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চাই।

এ বিষয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. সিরাজুম মুনিরা বলেন, হাসপাতালে ভর্তির পর আলট্রাসনোগ্রাম করে শিশুর অবস্থা সংকটাপন্ন বলে পরিবারকে জানানো হয়েছিল। সিদ্ধান্ত নিতে পরিবার কিছুটা সময় নেয়। পরে অপারেশন থিয়েটারে নেওয়ার সময় শিশুর হার্টবিট পাওয়া যায়নি এবং বাচ্চা নিচের দিকে নেমে যাওয়ায় সিজার করা সম্ভব হয়নি। তাই নরমাল ডেলিভারি করানো হয়। নবজাতককে বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।

নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ১০টার দিকে উত্তেজিত স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতাল চত্বরে জড়ো হয়ে হামলা ও ভাংচুর চালায়। এ সময় তারা হাসপাতাল বন্ধের দাবিও জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সিএনজি অটোরিকশায় করে ঢিল এনে ভাংচুর করা হয়। তবে রোগীর স্বজনরা হামলাকারীদের পরিচয় সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিয়ানীবাজার থানার ওসি ছবেদ আলী জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পরে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন। ইউএনও জানান, নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

এদিকে, হামলা ও ভাংচুরের ঘটনায় নবজাতকের বাবা কাঁচের আঘাতে আহত হন। নবজাতকের মায়ের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। নিহত নবজাতকের মরদেহ মা ও শিশু জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর