মৌলভীবাজারের কুলাউড়ায় মো. রহমান আলী (৬৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রহমান আলী কুলাউড়া ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে পৌর শহরের বিছরাকান্দি এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে- ভোর ৫টার দিকে নৈশপ্রহরীর দায়িত্ব পালনকালে বেপরোয়া কোনো যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট /প্রতিনিধি/ কে.আর
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








