মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের সফরে শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি সরকারি ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
জানা যায়, শুক্রবার সকাল আটটায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন। জুম্মার নামাজ আদায় করবেন হযরত শাহজালাল (রহ.) মসজিদে। নামাজ শেষে দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) দরগাহ থেকে হযরত শাহপরান (রহ.) মাজারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে জিয়ারত শেষে গাজী বুরহান উদ্দিনের মাজারে যাবেন এবং জিয়ারত করবেন। বিকেলে দক্ষিণ সুরমার তেতলিতে একটি ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
শনিবার সকাল ১০টায় সিলেট মহানগর এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী। দুপুর ১২টায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
এ ছাড়া নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেবেন। কর্মসূচি শেষে শনিবার রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








