টানা ব্যর্থতায় এমবাপে ও ভিনিসিউসের ‘গোল খরার’ দায় দেখছেন না কোচ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ AM

টানা ব্যর্থতায় এমবাপে ও ভিনিসিউসের ‘গোল খরার’ দায় দেখছেন না কোচ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ০৪:৩৬:১৮ PM

টানা ব্যর্থতায় এমবাপে ও ভিনিসিউসের ‘গোল খরার’ দায় দেখছেন না কোচ


কোনো পরিকল্পনাই যেন কাজে আসছে না রেয়াল মাদ্রিদের। ছয় দিনে তিনটি ম্যাচ খেলে জিততে পারেনি তারা একটিতেও। এই ব্যর্থতায় আরও বড় হয়ে উঠেছে আক্রমণভাগের সেরা দুই খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপের গোল না পাওয়া। তবে এটাকে বড় করে দেখছেন না দলটির কোচ আলভারো আরবেলোয়া।

আন্তর্জাতিক বিরতির আগে যে দল টানা পাঁচ ম্যাচ জিতেছিল, এর মধ্যে ছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগ ও লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষের মতো দৈরথ, তারাই বিরতি শেষে ফিরে যেন জিততে ভুলে গেছে।

বিরতি থেকে ফিরে গত শনিবার লা লিগায় মায়োর্কার মাঠে ২-১ গোলে হার দিয়ে রেয়ালের পথ হারানোর শুরু, এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘরের মাঠে হারে একই ব্যবধানে। আর এবার শুক্রবার রাতে লা লিগায় তারা ঘরের মাঠে ১-১ ড্র করে জিরোনার বিপক্ষে।

এই তিন ম্যাচের একটিতেও জালের দেখা পাননি ভিনিসিউস। যেখানে বিরতির আগে টানা দুই ম্যাচে দুটি করে গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর টানা পাঁচ ম্যাচে গোল খরার পর, বায়ার্নের বিপক্ষে জালের দেখা পান এমবাপে। ঘরোয়া লিগে অবশ্য সবশেষ চার ম্যাচে গোল পাননি ফরাসি ফরোয়ার্ড।

দলের ছন্দপতনে তাই বড় হয়ে দেখা দিচ্ছে এই দুই তারকা ফরোয়ার্ডের গোল না পাওয়া। তবে জিরোনা ম্যাচের পর আরবেলোয়া বললেন, ব্যর্থতার পেছনে কারো ব্যক্তিগত পারফরম্যান্সের দায় আছে বলে মনে করেন না তিনি।

“এমন পরিসংখ্যান যে দুই খেলোয়াড়ের, তাদের বেশি ভাবতে পারি না আমি। বিশ্বের সেরা চার বা পাঁচ খেলোয়াড়ের মধ্যে তারা।”

কিছুদিন আগ পর্যন্ত অবশ্য দারুণ ছন্দেই ছিলেন এমবাপে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ৩৯টি গোল করেছেন তিনি। আর ভিনিসিউস মৌসুমের শুরুর দিকে বেশ ভুগলেও, সাম্প্রতিক সময়ে ছন্দে ফেরেন। মৌসুমে এখন পর্যন্ত রেয়ালের জার্সিতে ৪৫ ম্যাচে ১৭ গোল করেছেন।

আরবেলোয়া তাই আলাদা কারো পারফরম্যান্স নিয়ে না ভেবে দলগত পারফরম্যান্সের উন্নতির প্রয়োজন দেখছেন।

“আমাদের বরং দলগত পারফরম্যান্সের অনেক কিছুর উন্নতি করতে হবে। কারণ আমরা কিছু দলের বিপক্ষে ভুগছি…এবং এই ভোগান্তি চলমান। আর দলগতভাবে জ্বলে না ওঠার কারণেই এমনটা হচ্ছে, কারো ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য নয়। আশা করি আগামী বুধবার সবকিছু ভালো হবে।”

লা লিগার শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়েছে রেয়াল। ৩১ ম‍্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে আছে তারা। এক ম‍্যাচ কম খেলা বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে আছে চূড়ায়। শনিবার এস্পানিওলের বিপক্ষে জিতে ৯ পয়েন্ট এগিয়ে যাওয়ার হাতছানি শিরোপাধারীদের সামনে।

টানা দুই হার ও এক ড্রয়ের হতাশা নিয়ে, আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে খেলবে রেয়াল। ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়ায়, সেমি-ফাইনালে উঠতে হলে প্রতিপক্ষের মাঠে সেই ব্যবধান ঘুচিয়ে দেওয়ার কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর